বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, ‘নৌকায় ভোট দিলে, শেখ হাসিনা জিতবে। উলিপুরের উন্নয়নে সব কিছুই করা হবে। আগামী ৩০ তারিখ সবাই ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। বিএনপি-জামায়াতের সঙ্গে জোট বেঁধেছেন ড.কামাল হোসেন। তারা দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বানানোর অপচেষ্টা চালাচ্ছে। তারা জিতলে দেশকে একটি জঙ্গি তৈরির কারখানা বানাবে। সন্ত্রাস বেড়ে যাবে। আওয়ামী লীগ দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। আগামীতে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।’
মঙ্গলবার বিকেল ৫টায় উলিপুর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ ই হাবীব মোফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নৌকা লাঙ্গল মহাজোট করেছে, তারই অংশ হিসেবে উলিপুরে লাঙ্গলের প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছেন। নৌকা-লাঙ্গল এক সঙ্গে কাজ করলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, কুড়িগ্রাম-৩ আসনের জাপা প্রার্থী অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার এমপি, আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
আরো পড়ুনঃ ইসির সভা থেকে বেরিয়ে জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক আল মামুন সবুজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় জাপা প্রার্থী আক্কাছ আলী সরকার মঞ্চে তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন।
ইত্তেফাক/কেকে
