মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গায়ক জুবিন গর্গ

আপডেট : ০১ মার্চ ২০২০, ১৭:৫৮

গান গাওয়ার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন গায়ক জুবিন গর্গ। অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি তাকে নিকটবর্তী নেমকেয়ার হাসপাতালে নিয়ে যান অনুষ্ঠানের উদ্যোক্তারা। শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটির টাউনক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। সংগীতকার অনুরাগ শাইকিয়ার ‘প্রজেক্ট বরগীতে’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবিন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভর্তির নেমকেয়ার হাসপাতালে জুবিনের চিকিৎসার জন্য ১২ জন সদস্যের এক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। প্রথমে আইসিইউতে রাখা হলেও শনিবার সকালে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় জেনারেল বেডে দেওয়া হয় এই গায়ককে। শুক্রবার জুবিনের অসুস্থ হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়তেই নেমকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন অসংখ্য ভক্তরা। এমনকী, সারারাত ভক্তদের একাংশের হাসপাতাল চত্বরে কাটানোর খবরও পাওয়া যায়। তবে এখন বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন জুবিন গর্গ।

চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কিছুদিন নির্দিষ্ট ডায়েটে থাকতে হবে তাকে। নিতে হবে যথাযথ বিশ্রামও। 

স্ত্রী গরিমা গর্গ বলেন, ‘আশা করি জুবিন খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আর সুস্থ হলেই ভক্তদের সামনে হাজির হবেন।’

জুবিন গর্গ ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গানটি গেয়ে রাতারাতি গোটা দেশবাসীর মনে হিল্লোল তুলে দিয়েছিলেন। তারপর বেশ কয়েকটা সুপারহিট গানও উপহার দিয়েছেন শ্রোতাদের। তবে বর্তমানে বলিউডে খুব একটা কাজ করতে দেখা যায় না তাকে। বরং অসমের আঞ্চলিক সংগীত নিয়েই তিনি বেশ ব্যস্ত।

ইত্তেফাক/বিএএফ