বাগেরহাটের মংলা থেকে ৩০০ বোতল বিদেশি মদসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। রবিবার গভীর রাতে মংলা উপজেলার পশুর নদের মোহনায় অবস্থিত সরকারি খাদ্যগুদাম এলাকায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা বিভাগের স্টাফ অফিসার লেফট্যানেন্ট ইমতিয়াজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাদের সোমবার দুপুরে মদসহ মংলাপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের আবজাল সিকদারের ছেলে মো. রুমন সিকদার (২৮),নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চট্টগ্রাম সড়কের মুনসুর আহম্মেদের ছেলে হাসনাত (২৮) এবং চীনা নাগরিক জেরী (২৬), জ্যাক জিয়া (৩৩) ও ফু (৩৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা চায়না ব্রান্ডের মদের একটি চালান নিয়ে সুন্দরবন সংলগ্ন মংলা উপজেলার পশুর নদের মোহনায় অবস্থিত সরকারি খাদ্যগুদাম এলাকায় একদল মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযানে যায়। সেখানে তাদের কাছ থেকে ৩০০ বোতল মদ ও তিন চীনা নাগরিকসহ পাঁচ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন: ৬৬ দেশে করোনার হানা, বাড়ছে আতঙ্ক
এই মদ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য আমদানি করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে কোস্টগার্ড। তাদেরকে মদসহ মংলাপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।
ইত্তেফাক/এএএম
