স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী  

আপডেট : ০২ মার্চ ২০২০, ১৯:৩৭

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছে ঘাতক স্বামী। রবিবার দিবাগত রাতে আশুলিয়ার নরসিংপুর ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে হত্যা মামলা দায়ের করে জলিলকে আদালতে পাঠানো হয়েছে।

গৃহবধূ শামসুন্নাহার (২২) জামালপুরের মেলান্দহ থানার চরভদ্রাসন গ্রামের আব্দুস সালামের মেয়ে। সে তার স্বামী গার্মেন্ট শ্রমিক জলিল হোসেনের (৩০) সঙ্গে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো। আটক জলিল হোসেন মেলান্দহের বাঘাডোবা গ্রামের শাহজাহান হোসেনের ছেলে। স্বজনদের দাবি নিহত শামসুন্নাহার ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিল।

নিহতের চাচা মোহাম্মদ লুৎফর জানান, চারদিন আগেও শামসুন্নাহার ও জলিলের মধ্যে পারিবারিক কলহ হয়। এঘটনার পর রবিবার দিবাগত মধ্যরাতে জলিল তার শ্বশুর বাড়িতে ফোন করে তার স্ত্রী শামসুন্নাহার মারা গেছে বলে জানায়। পরে সে আশুলিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে।

এসআই মো.মিরাজ হোসেন জানান, যৌতুকের জন্য তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এছাড়া যৌতুকের জন্য জলিল মাঝে মধ্যেই শামসুন্নাহারকে শারীরিকভাবে নির্যাতন করতো। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

ইত্তেফাক/আরকেজি