করোনা আতঙ্কে বিখ্যাত টিভি কারখানায় তৈরি হচ্ছে মাস্ক

আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৪:২৬

জাপানের টিভি প্রস্তুতকারক সংস্থা শার্প। কিন্তু করোনা আতঙ্কে সেই কারখানায় এখন টেলিভিশনের বদলে তৈরি হচ্ছে মাস্ক। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর জাপানে দেখা গিয়েছে মাস্কের সঙ্কট। এমনিতেই জাপানিরা ফেস মাস্ক ব্যবহার করেন। শীতের সময় নিরাপদে থাকতে অনেকেই এই মাস্ক ব্যবহার করেন। কিন্তু করোনাভাইরাস আতঙ্ক ছড়াতেই সারা জাপান জুড়ে বেড়েছে এই মাস্কের চাহিদা। সেই চাহিদা মেটাতেই মাস্ক তৈরি শুরু করেছে জাপানের টিভি সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, জাপানের কামেয়ামাতে অবস্থিত শার্পের ফ্যাক্টরি। সেখানে টিভি অ্যাসেম্বল করা ছাড়াও তৈরি হয় এলসিডি টিভি। সেই ফ্যাক্টরিতেই এখন তৈরি হচ্ছে সংক্রমণ প্রতিরোধে সক্ষম মাস্ক।

প্রতিবেদনে আরো বলা হয়,  প্রতিদিন প্রায় দেড় লক্ষ মাস্ক বানানো হচ্ছে শার্প টিভির কারখানা। তবে এই মাসের শেষে দৈনিক পাঁচ লাখ মাস্ক তৈরি করার লক্ষ্যমাত্রা রেখেছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী সেখানে মাস্ক তৈরি হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি।

প্রাণঘাতী করোনাভাইরাস ইতিমধ্যে বিশ্বের ৭৩ দেশে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯০ হাজার।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এরপরই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় ।

ইত্তেফাক/এআর