পোপ কি করোনা ভাইরাসে আক্রান্ত?

আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৬:৫৪

প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বে ভয়াবহ রূপ ধারণ করেছে। একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। বাড়ছে মৃতের সংখ্যা। সাধারণ মানুষ থেকে নিয়ে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন।  

এরই ধারাবাহিকতায় পোপ ফ্রান্সিস না কি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যমেও সেই খবর প্রকাশ হয়।  

তবে শেষযর্পন্ত জানা যায়, পোপ ফ্রান্সিস করোনায় আক্রান্ত নন। তার করোনা পরীক্ষার রিপোর্টে এমনটিই জানানো হয়। 

ইতালির একটি পত্রিকার বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিন ধরে ৮৩ বছর বয়সী পোপের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিলো না।  তার কাশি এবং নাক ফুলতে দেখা গেছে। ফলে তার বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে ও ভাষণ বাতিল করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বার্তা সংস্থা রয়টার্সকে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি তাত্ক্ষণিকভাবে কিছু জানাননি।

পোপ ফ্রান্সিস এমন এক সময় অসুস্থ হয়েছেন, যখন ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে।  

এদিকে করোনা ভাইরাস বিশ্বের ৭৩ দেশে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯০ হাজার।

সবশেষ ইউক্রেন, সৌদি আরব, তিউনিসিয়া, মরোক্কো এবং সেনেগালে করোনা ভাইরাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

এছাড়া বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। সবশেষ দিল্লি ও তেলেঙ্গানায় আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।

ইত্তেফাক/জেডএইচ