সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ঘটে যাওয়া সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত কিশোরের নাম শহিদ নুর মিয়া(১৭)। সে ঘাগটিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। এঘটনায় গুরুতর আহত নাসির উদ্দিনকে সিলেট উসমানী মেডিক্যাল হাসপাতালে রের্ফাড করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নাসির উদ্দিনের বড় ভাই মৃত নবিকুল মিয়ার ছেলে গোলাম কাদিরের সাথে তার সৎ বোন তাসলিমার পৈত্রিক জমির ভাগ বাটোয়ারা নিয়ে (গোলাম কাদিরের আপন চাচা) নাসির উদ্দিনের সাথে পূর্বের বিরোধ ছিল।
এর জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে নাসিরউদ্দিন ও তার ছেলের ওপর অতর্কিত হামলা চালায় গোলাম কাদির ও তার লোকজন। অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় শহিদ নুর ও তার বাবা নাসির উদ্দিন সহ ১০ জন।
আরও পড়ুন: একই পরিবারের ৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদ নূরকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত নাসিরউদ্দিনকে আশংকা জনক অবস্থায় সিলেট এম এ জি হাসপাতালে পাঠানো হয় অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
পরে তাহিরপুর থানা পুলিশ বিষয়টি অবহিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল প্রেরণ করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনও মামলা হয়নি।
ইত্তেফাক/এসি
