সাতপাকে বাঁধা পড়ার পর ফের ক্রিকেট মাঠে ফিরলেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচের স্কোয়াডেও জায়গা পেয়েছেন তিনি। বিয়ের কারণে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন তিনি।
বিয়ের জন্য ছুটিতে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ও ২টি ওয়ানডে খেলতে পারেন নি অলরাউন্ডার সৌম্য সরকার। বুধবার (৪ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করে বিসিবি। শুক্রবার সফরকারীদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হয়তো মাঠে দেখা যেতে পারে সৌম্যকে। সৌম্য ছাড়া দলে কোন পরিবর্তন আনা হয়নি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার (৬ মার্চ) হোয়াইটওয়াশের মিশন নিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
ইত্তেফাক/এসআই
