নিজের বিয়ের অনুষ্ঠান রেখে ক্রিকেট খেলা দেখতে মাঠে চলে এলেন সিলেটের এক তরুণ। তার এই মাঠে আসা নিয়ে নানা আলোচনার জন্ম দিচ্ছে। তাকে দেখে গ্যালারির অন্য দর্শকরা রীতিমতো হুলোস্থুল ফেলে দেয়। বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন তিনি।
মঙ্গলবার একদল দর্শক বিয়ের পোশাক পরে সিলেটের স্টেডিয়ামে এসে হাজির হলে গ্যালারিতে তোলপাড় সৃষ্টি হয়। সেখানে খোঁজ নিয়ে দেখা যায়, বরের বেশে যিনি তিনি সরাসরি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেই স্টেডিয়ামে চলে এসেছেন। বরের কাছে খেলা দেখতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ক্রিকেট ভালোবাসেন বলেই তার এই ছুটে আসা, তাও দলবল সহ।
বরের নাম আলী হায়দার লাভলু, বিয়ে করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলায়। বিশ্বনাথ থেকে সরাসরি সিলেটের স্টেডিয়ামে ছুটে আসেন খেলা দেখতে।
যুক্তরাষ্ট্র প্রবাসী এই বর বলেন, ‘বউকে বাসায় রেখেই খেলা দেখতে চলে এলাম, এর বড় কারণ আমি ক্রিকেট ভক্ত।’ তিনি বলেন, বাংলাদেশের খেলা যেহেতু তেমন দেখতে পারি না তাই এমন সুযোগ হাতছাড়া করতে আমি রাজি নয়। তাই তো মাঠে চলে এলাম।
নবপরিণীতা স্ত্রীর বিয়ের দিনেই বরের খেলা দেখা নিয়ে আপত্তি ছিল কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের যখন টেলিভিশনে দেখিয়েছে তখনই ফোন এসেছে। ওনারাও আনন্দিত, আমরা তো বাসায়ই যাবো, নতুন জীবন শুরু হচ্ছে।’
বরের সাথে এসেছে পাত্রীর ভাইও। তিনি বলেন, এমন দুলাভাই পেয়ে আমি আনন্দিত, যিনি খেলা ভালোবাসেন। বরের ও বরপক্ষের আরো একটি পরিচয় হলো যুক্তরাষ্ট্রে পশ্চিম নিউইয়র্কের একটি শহরে তারা ক্রিকেট খেলেন, সেখানে আঞ্চলিক দলগুলোতে তাদের অংশগ্রহণ আছে নিয়মিত।
ইত্তেফাক/এসআই
