একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনে অংশগ্রহণের করার ঘোষণায় মনোনয়নপত্র সংগ্রহে হঠাৎ করে সরব বিএনপির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন কিনলেন তিনজন।
যার মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। ঢাকা জেলা বিএনপির সাবেক এই সভাপতি চারবার ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে মনোনয়ন কিনেছেন মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নানও।
সোমবার দুপুরে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র ক্রয় করেন। বিষয়টি মান্নান নিজেই নিশ্চিত করেছেন।
একই আসন থেকে গতকাল মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক। নেতাকর্মীদের সঙ্গে এদিন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলের প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইত্তেফাক/কেআই
