বৌভাত শেষে ফেরার পথে পদ্মায় নৌকাডুবি

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০১:০৭

রাজশাহীতে পদ্মা নদীতে প্রায় ৪২ জন যাত্রী নিয়ে দুইটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরের রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানিয়েছেন, চরখিদিরপুর এলাকায় বৌভাতের অনুষ্ঠান শেষে বর কনে নিয়ে পবা উপজেলার ডাইংপাড়ায় যাচ্ছিল। দুটি নৌকায় ৪২ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে ১৭ জন নারী ও ৬ জন শিশু। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় দুই নৌকা ধাক্কা খেয়ে ডুবে যায়। এদের মধ্যে ১২ জনকে জীবিত পাওয়া গেছে। তাদের মধ্যে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এক শিশু মারা যায়। পদ্মার অন্যপাড়া কেউ উঠেছে কিনা বা কতজন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, কেউ নদীতে আছেন কিনা তা দেখার জন্যই দুই সদস্যের ডুবুরি দল বিজিবি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বলেও জানান তিনি। 

এদিকে বরযাত্রীর স্বজনরা বলেন, জীবিত উদ্ধার ১২ জন উঠতে পেরেছে। কিন্তু বাকিদের এখনো পাওয়া যায়নি। 

ইত্তেফাক/কেকে