জয় বাংলা, বাংলার জয় গান দিয়ে শুরু শূন্যর

আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৯:৩১

মুজিববর্ষে আরো একবার ফিরে এসেছে ‘জয় বাংলা কনসার্ট’। আজ (৭ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এ কনসার্ট। এই কনসার্টে মঞ্চ মাতাচ্ছে দেশের বর্তমান সময়ের জনপ্রিয় ১১ ব্যান্ডদল। এরই মধ্যে জয় বাংলা, বাংলার জয় গান দিয়ে কনসার্ট মাতানো শুরু করেছে ব্যান্ডদল ‘শূন্য’। এর আগে ৫ ইউনিভার্সিটি ব্যান্ড দল ও এফ মাইনর ব্যন্ডদল, মিনার গান পরিবেশন করে। কনসার্টটি ইত্তেফাকের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

ঐতিহাসিক ৭ই মার্চের জয় বাংলা কনসার্টের উচ্ছ্বাস-আনন্দে মেতে উঠেছেন তরুণরা। শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে এই কনসার্টে রাজধানীর বাইরের জেলা থেকেও কনসার্টে এসেছেন বহু তরুণ।

আয়োজকরা জানান, এবারের ষষ্ঠতম আয়োজনে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের ১১ জনপ্রিয় ব্যান্ড দল। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক হলোগ্রাফিক রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টে। ৭ মার্চের এবারের আয়োজনে থাকছে আরো বেশ কিছু ভিন্নমাত্রা ও চমক।

সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকন্ঠে উচ্চারিত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। এরই মাঝে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে হলোগ্রাফিক প্রজেকশন।

প্রসঙ্গত, রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণ করে এবং সেই ভাষণের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করার লক্ষ্যে বিগত ৫ বছর ধরে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট। গত আসরে এই কনসার্ট টেলিভিশন এবং অনলাইনে উপভোগ করেছে ১০ লাখের বেশি দর্শক। আর সরাসরি আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে কনসার্ট উপভোগ করেছে ৬০ হাজার দর্শক।

ইত্তেফাক/বিএএফ