ভোট তাকেই দিন, যাকে দিয়ে আইনজীবী সমিতির উন্নয়ন হবে: অ্যাড. আমিন উদ্দিন

আপডেট : ১০ মার্চ ২০২০, ১৮:৩৫

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২০-২০২১) নির্বাচন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে অংশগ্রহণ করছেন আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। 

আইনজীবী ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, আমাদের অন্য কোন এজেন্ডা নাই। এজেন্ডা শুধুমাত্র সাধারণ আইনজীবী ও সমিতির উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাওয়া। তাই আইনজীবীদের প্রতি আমার আহ্বান কাকে ভোট দিলে সমিতির উন্নয়ন হবে আপনারা তাকেই ভোট দিন। 

আজ মঙ্গলবার সমিতি ভবনের নিজ কার্যালয়ে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। একইসঙ্গে নির্বাচিত হলে আইনজীবীদের কল্যাণে কি কাজ করতে চান তার একটি পরিকল্পনা তুলে ধরেন সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী। 

তিনি বলেন, ‘আপনারা আমাকে জয়ী করতে ভোট দিন। আমি নির্বাচিত হয়ে কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলোর বাস্তবায়ন আপনারা দেখতে পাবেন।’

অ্যাডভোকেট আমিন উদ্দিন বলেন, ‘বিগত বছর সমিতির নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পরিবেশের উন্নয়ন করব। বাথরুমগুলোতে পরিবর্তন আনব। আইনজীবীদের বসার ব্যবস্থার পাশাপাশি সর্বোপরি সমিতির অবকাঠামোগত উন্নয়ন করব। সেই অনুযায়ী সরকারের সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করা হয়েছে। সেই যোগাযোগের ভিত্তিতে এখন থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নামে প্রতি বছর রাজস্ব খাতে একটা বরাদ্ধ থাকবে। সেই খাত থেকে এই প্রথম সমিতির উন্নয়ন কাজের জন্য প্রায় সাড়ে ১৭ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দ থেকেই আমরা বৈদ্যুতিক ক্যাপাসিটি বাড়াচ্ছি। এক হাজার মেগাওয়াট থেকে উন্নীত করে ২ হাজার ৪শত মেগাওয়াটে নেওয়া হচ্ছে।’ 

তিনি বলেন, আমাদের নিজস্ব সুয়ারেজ লাইন নেই। সবসময় ময়লা জমে থাকে। পানির রিজার্ভ নেই। এগুলো নির্মাণ করা হচ্ছে।’

আরো পড়ুন: বাবার মৃত্যুর শোকে ছেলের মৃত্যু, আরেক ছেলে হাসপাতালে

তিনি বলেন, ‘যেসব ওয়াশরুম আছে সেগুলো ভেঙ্গে নতুন করে প্রস্তুত করা হবে। সমিতি ভবনে যেসব হলরুম আছে সেগুলো আধুনিকভাবে গড়ে তোলা হবে। মহিলা আইনজীবীদের কমনরুম কেন্দ্রিক সুযোগ-সুবিধা বাড়ানো হবে। সমিতি ভবনের বারান্দাগুলো মার্বেল টাইলস বসানো হবে। এইসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলেই আইনজীবীদের কল্যাণ ও সমিতির পরিবেশ অনেক সুন্দর হবে।’

বার সভাপতি বলেন, ‘আইনজীবীদের বসার জন্য কক্ষ সংকট রয়েছে। এজন্য নিজেদের উদ্যোগে আইনজীবী সমিতির অ্যানেক্স ভবনের পেছনে একটি দশতলা ভবন নির্মাণের কাজ চলছে। এছাড়া সমিতির অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তোমরা স্থান ঠিক কর, সরকার ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়ে দেব। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বৈঠকেও আইনমন্ত্রী আনিসুল হক এ কথাটির পুনরাবৃত্তি করেছেন। আমি মনে করি এই বহুতল ভবন নির্মাণ করা গেলেই কিউবিক্যালস সংকট অনেকটাই কমে আসবে।’

ইত্তেফাক/এএএম