বুধবার শেষ টি টোয়েন্টিতেও জিততে চায় টাইগাররা

আপডেট : ১০ মার্চ ২০২০, ২১:০৯

টেস্ট-ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। সফরের শুরুতে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ধবল ধোলাই হয় জিম্বাবুয়ে। টেস্ট ও ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানের দুর্দান্ত জয় নিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। 

বুধবার ( ১১ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মোকাবেলা করবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে ২-০ ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ। সেই সাথে প্রায় এক মাসের সফর জয় ছাড়াই শেষ করতে হবে জিম্বাবুয়েকে। পুরো সফরে জিম্বাবুয়েকে সবগুলো ম্যাচে হারানোর লক্ষ্যই ছিল বাংলাদেশের।

জিম্বাবুয়ের বোলিং অলরাউন্ডার ডোনাল্ড তিরিপানোর ব্যাটিং বাংলাদেশকে কিছুটা ভুগিয়েছে। ওয়ানডে ম্যাচের দ্বিতীয় ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ রানে ম্যাচ হারতে হয় জিম্বাবুয়েকে। বাজে সময় কাটানো বাংলাদেশ দলের এই সিরিজ জয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

অষ্টম স্থানে থেকে গত বিশ্বকাপ শেষ করার পর থেকে ক্রিকেটের তিন ফরম্যাটে বাজে সময় যাচ্ছিল টাইগারদের। তবে জিম্বাবুয়ের উপর আধিপত্য বিস্তার করতে পারায় স্বস্তির স্বাদ পায় টাইগাররা। বিশেষভাবে এ মাসের শেষ দিকে পাকিস্তানে তৃতীয় ও শেষ দফার সফরের আগে টাইগারদের প্রস্তুতিটা ভালোই হলও। 

বাংলাদেশের ব্যাটসম্যানরা আছেন দুর্দান্ত ফর্মে । এমনকি বোলাররাও দুর্দান্ত-ভাবে নিজেদের পারফরমেন্স প্রদর্শন করছেন। তাই পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে ও শেষ টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়েই পাকিস্তানে যাবে বাংলাদেশ। 

বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, 'ব্যাটসম্যানদের পারফরমেন্স দেখে আমি সত্যিই আনন্দিত। বিশেষভাবে টপ-অর্ডারে, তামিম ও লিটন। উইকেট কিছুটা কঠিন ছিল কিন্তু ব্যাটসম্যানরা ভালো করেছে। ব্যাটসম্যানরা তাদের শক্তির প্রমাণ দিয়েছে। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগতে পারিনা। আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমাদের ধারাবাহিক হতে হবে।'

দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করতে পারে বাংলাদেশ। তামিমকে বিশ্রামে দেয়ার ব্যাপারে আলোচনাও আছে। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের মত টি-টোয়েন্টি ক্রিকেটেও জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচসহ ১২বারের মুখোমুখিতে ৮টিতে জিতেছে টাইগাররা। ৪টিতে জয় পায় জিম্বাবুয়ে। আগামীকাল শেষ টি-টোয়েন্টি জিতে সফরে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি ভালো কিছু পেতে মরিয়া জিম্বাবুয়ে।

ইত্তেফাক/এসআই