চাঁদের গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৩ মার্চ ২০২০, ০৯:৩২

রাউজানে চাঁদের গাড়ীর (জীপ) ধাক্কায় মোহাম্মদ বাবর বাবু (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াছিন শাহ সড়কের মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বাবু পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাহাবুব চেয়ারম্যান বাড়ির রফিক আহমেদের ছেলে। তিনি আরব আমিরাত প্রবাসী ছিলেন। গত ২ মাস আগে দেশে বেড়াতে আসেন তিনি। অপর আহত যুবক একই এলাকার নোয়া মিয়ার পুত্র মো. এমরান (২৬)।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একটি মোটর সাইকেলকে দ্রুতগামী একটি চাঁদের গাড়ি (জীপ) ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলার গহিরাস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবরকে মৃত ঘোষণা করেন। আর আহত ইমরানকে সেখান হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

রাউজান থানার উপ পরিদর্শক আমজাদ হোসেন বলেন লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। জীপ গাড়িটি জব্দ করা হয়েছে। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ইত্তেফাক/এএম