খুবিতে কটকা ট্রাজেডি দিবস পালিত

আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৮:৩৫

কটকা ট্রাজেডি স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শোক দিবস পালিত হয়েছে। শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

 

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় শোকাবহ সাজে। বিভিন্ন কর্মসূচিরর মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, শ্রদ্ধাঞ্জলি ও শোকে র‌্যালি। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য বলেন, এদিনটি আমাদের জন্য সত্যিকার অর্থে শোক ও বেদনার। আমরা চাই ভবিষ্যতে যেন আর কোনো মেধাবী সন্তান এভাবে না হারিয়ে যায়। কারণ, তারা ছিল মেধাবী, তারা দেশের জন্য পরিবারের জন্য অনেক কিছু করতে পারতো।

এদিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বাদ জুম্মা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা, এতিমদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ, কটকা স্মৃতিস্তম্ভে শোক সভা ও স্মৃতিচারণ।

 

উল্লেখ্য, ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুবির স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন ও বুয়েটের দুইজনসহ মোট ১১ জন শিক্ষার্থী সাগরে ডুবে মারা যান। সেই থেকে প্রতিবছর দিনটি স্মরণ করে খুবিতে শোক দিবস পালন করা হয়। 


ইত্তেফাক/ইউবি