স্পাইডারম্যান-আয়রনম্যান স্রষ্টার চির বিদায়

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৭:০৫

চির বিদায় নিলেন স্পাইডারম্যান, ইনক্রেডিবল হাল্কের মত কমিক চরিত্রের স্রষ্টা ও কিংবদন্তি মার্কিন লেখক স্ট্যান লি। সোমবার লস অ্যাঞ্জেলেসের সিডারস সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। 

স্ট্যান লির মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার মেয়ে জেসি লি বলেন, আমার বাবা তার সব ভক্তকে ভালোবাসতেন। ভক্তদের জন্য নতুন কিছু তৈরি করতে বাবা নিজের ভেতরে এক ধরনের বাধ্যবাধকতা অনুভব করতেন। সে কারণেই তিনি লিখে গেছেন।

স্ট্যান লি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও চোখের সমস্যাসহ বেশ কয়েকটি রোগের সঙ্গে লড়াই করছিলেন। এর আগে গতবছর ঠিক ৯৫ বছর বয়সে মারা যান তার স্ত্রী জোয়ান। 

স্পাইডারম্যান, এক্স ম্যান, হাল্ক, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জ–এর মতো দুনিয়া কাঁপানো সব চরিত্রের অন্যতম স্রষ্টা ছিলেন স্ট্যান লি। ‘মার্ভেল কমিকস’–এর সাবেক প্রেসিডেন্ট ছিলেন। 

জ্যাক কিরবি, স্টেভ ডিটকোর মতো শিল্পীদের সঙ্গে মিলে তিনি কমিক শিল্পকে নতুন করে জাগিয়ে তুলেছিলেন। সুপারহিরো চরিত্র দিয়ে তিনি জটিল আবেগী জীবনকে রোমাঞ্চে ভরিয়ে তুলেছিলেন।

১৯২২ সালে নিউইয়র্কে নিম্নবিত্ত এক ইহুদি পরিবারে জন্ম হয় স্ট্যান লির। বাবা জ্যাক লিয়েবার ছিলেন দর্জি। রোমানিয়ার অভিবাসী ছিলেন তারা। স্ট্যান লির শৈশব কেটেছিল বিষাদ ও দুশ্চিন্তার মধ্যে। স্থায়ী একটি চাকরির জন্য তার বাবা কতটা লড়াই করে গেছেন এসব নিয়ে। তবু থেমে না থেকে নিজেকে এগিয়ে নেন সামনের দিকে। 

১৭ বছর বয়সে স্ট্যান লি তার আত্মীয় মার্টিন গুডম্যানের একটি প্রকাশনায় চাকরি নেন। তখন থেকে তিনি সুপারহিরো ও রহস্যময় চরিত্রগুলো নিয়ে পাণ্ডুলিপি লিখতে শুরু করেন।

ইত্তেফাক/জেডএইচ