খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর লেখা দুটি বইয়ের ওপর শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের উদ্যোগে খুবির মুজিববর্ষ উদযাপন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন।
তরুণ প্রজন্মের প্রতি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানার জন্য এবং নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে, জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ জীবন গঠনে বই পড়ার আহ্বান জানান প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।
ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান মো. হাসান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছা. তাছলিমা খাতুন। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক নুজহাত ফাতিমা এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য-সচিব সহকারী অধ্যাপক বায়েজিদ খান।
বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এ তিনজনকে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিবসে বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
ইত্তেফাক/বিএএফ
