সীতাকুণ্ডে সংবাদ সম্মেলন চলাবস্থায় ধানের শীষ প্রার্থীর গাড়িতে পেট্রোল বোমা ও অস্ত্র উদ্ধারকে আওয়ামী লীগের সাজানো নাটক বলে বিএনপি’র প্রার্থী ইসহাক চৌধুরী অভিযোগ করেছেন।
বিএনপি প্রার্থী ইসহাক চৌধুরী বুধবার দুপুর ২টায় তার নিজ বাস ভবনে সীতাকুণ্ডে কর্মরত প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনার একাদশ জাতীয় সংসদের তফশিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ পুলিশের ছত্রছায়ায় আমাদের ধানের শীষের প্রচারণায় বাধা, হামলা, মাইক ভাঙ্গচুর, পোস্টার ছিঁড়ে ফেলা এবং পুলিশ বাহিনী রীতিমত গায়েবী মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকসহ বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার করে যাচ্ছে। তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে আমাকে নির্বাচন থেকে দূরে সরানো চেষ্টা করছে। ভোটার যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেজন্য রীতিমত একের পর এক আতংক সৃষ্টির পাঁয়তারা করছে। তবে আমার ওপর হামলা, মামলা ও জীবন গেলেও আমি নির্বাচন থেকে সরবো না ইনশাল্লাহ। তাই আমি সীতাকুণ্ডবাসীর ভোটারদের কাছে আহ্বান করবো আপনারা ভোট কেন্দ্র গিয়ে ভোট দিবেন এবং কেন্দ্র পাহারা দিবেন।
তার গাড়িতে বোমা ও অস্ত্র পাওয়ার ব্যাপারে তিনি বলেন, আপনারা এখানে আমার সাংবাদিক সম্মেলনে আমার বক্তব্য শুনছেন এবং আমার গাড়ির ড্রাইভার আপনাদের দুপুরের খাবারের জন্য ফৌজদারহাট জলিল গেইটে চাইনিজ রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো অবস্থায় ছিল। আওয়ামী ক্যাডাররা আমার ড্রাইভার মেহেদী হাসান তারেককে আটক করে এবং আমার গাড়িতে পেট্রোল বোমা ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলা দেয়ার উদ্দেশ্য এই সাজানো নাটক করে।
তিনি আরও বলেন, আমার ড্রাইভারের কাছে থাকা আমার ব্যক্তিগত খরচের জন্য লক্ষাধিক টাকাও তারা নিয়ে যায়। এদিকে সাংবাদিকরা ধানের শীষ প্রার্থীর সাংবাদিক সম্মেলনে যাওয়ার পথে অতি উৎসাহী কিছু নৌকার সমর্থক সাংবাদিকদের বহন করা গাড়িটির গতিরোধ করে। পরে পুলিশ এসে নৌকার সমর্থকদের সরিয়ে দিয়ে সাংবাদিকদের গাড়িটি যাওয়ার ব্যবস্থা করে।
আরও পড়ুন: আইসিইউতে শ্লীলতাহানির শিকার কিশোরী
ইত্তেফাক/এমআই
