স্বেচ্ছাসেবীদের নিয়ে মেয়র আতিকের শপথ বাক্য পাঠ

আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৯:০৩

শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মহাখালীর কাঁচাবাজার মোড়ে স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করান মেয়র আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিডি ক্লিন’ এর উদ্যোগে সারা দেশের ১০০টি স্থানে পরিষ্কার অভিযানের উদ্বোধন করা হয়।

মেয়র আতিক স্বেচ্ছাসেবীদের বলেন, ‘আজকে তোমরা যারা নিজে থেকে এসেছো, কেন এসেছো? দেশকে ভালোবেসেই এসেছো। জাতির জনক বঙ্গবন্ধু কেন জেল খেটেছেন? দেশকে ভালোবেসেছেন বলে।  তিনি আমাদের স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র এবং লাল- সবুজের পতাকা দিয়ে গেছেন। আমাদের উচিত বিডি ক্লিনের মতো আরও অনেককে এগিয়ে এসে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা।

স্বেচ্ছাসেবীদের নিয়ে মেয়র আতিকের শপথ বাক্য পাঠ। ছবি: এমএএম ইব্রাহিম

এর আগে মেয়র আতিক রাজধানীর গুলশানে বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সচেতন হওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা এবং বেসিন স্থাপনের অনুরোধ জানান।

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে আমাদের পরিষ্কার থাকা জরুরি, তাই আমি অনুরোধ করবো বিভিন্ন অফিস, আদালত কিংবা দোকানের সামনে একটি সাবান, এক বালতি পানি থাকে, যাতে সবাই হাত ধুয়ে নিতে পারে। এই উদ্যোগ আমাদের সবারই দরকার।’

তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের দেশকে পরিষ্কার করার জন্য দেশের প্রত্যেকটি নাগরিকের উচিৎ দেশকে পরিষ্কার রাখা। আমরা যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি। আমরা যেন যত্রতত্র থুতু না ফেলি এ দেশকে পরিষ্কারের দায়িত্ব আমাদের সকলের। তাই আমরা দেশকে ভালোবাসবো এবং দেশকে পরিষ্কার রাখবো।’

এ সময় সেখানে বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন ছাড়াও প্রায় ১শ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।      

ইত্তেফাক/এমএএম