১৩ বছর আগে এই দিনে ভারতকে প্রথম হারানোর স্মৃতি মনে করলেন মাশরাফি

আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৯:১৩

১৩ বছর আগে আজকের দিনে বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।সেদিন ভারতের দেয়া ১৯২ রানের টার্গেটে খেলতে নেমে ৯ বল হাতে থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় হাবিবুল বাশারের  বাংলাদেশ। সেদিনের সেই সুখ স্মৃতিকে স্মরণ করে ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

ওভালের কুইন্স পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৯১ রান সংগ্রহ করে রাহুল দ্রাবিডের ভারত। ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম ঝড়ে উড়ন্ত সূচনা করলেও দলীয় ২৪ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। 

এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৪৫ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৫১ রানে প্যাটেলের শিকার হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। তার এই ৫১ রানে ছিলো ৭ চার ও ২টি ছক্কার মার। তামিমের পর আফতাব আহমেদ মাঠে আসলেও মুশফিককে খুব একটা সঙ্গ দিতে পারেননি। মাত্র ৮ রান করেই প্যাটেলের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন। 
এরপর মুশফিক-সাকিব জুটি থেকে ৮২ রান আসলে জয়ের খুব কাছে চলে যায় বাংলাদেশ শিবির। সাকিব ৮৬ বলে ৫৩ রানে আউট হলেও মুশফিকুর রহিম খেলেন ৫৬ রানের অপরাজিত ইনিংস। মাঝে হাবিবুল বাশার মাত্র ১ রানে আউট হলেও মোহাম্মদ আশরাফুলকে সঙ্গে নিয়ে ৯ বল হাতে রেখেই প্রথম বারের মতো ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। 

এরআগে প্রথমে ব্যাট করতে নেমে মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিকের বোলিংয়ের তোপের মুখে তিন বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে করেন সৌরভ গাঙ্গুলী। যদিও এই রান তুলতেই ১২৯ বল মোকাবেলা করতে হয়েছিলো গাঙ্গুলীকে। ভারতের এমএস ধোনী, হারভজন সিং ও অজিত আগারকার রানের খাতা খোলার আগেই আউট হন। এছাড়া শচীন টেন্ডুলকার, বিরেন্দ্র শেহবাগ ও রবিন উথাপ্পাও দুই অংকের রানের খাতায় পৌছতে পারেননি। 

বাংলাদেশের হয়ে বল হাতে মাশরাফি বিন মর্তুজা নেন ৪টি উইকেট এবং মোহাম্মদ রফিক ও আব্দুর রাজ্জাক নেন ৩টি করে উইকেট। 

ইত্তেফাক/এসআই