দেশের প্রতিটি সেক্টরে আমরা করেছি: কামরুল ইসলাম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৫:২৭

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’

বৃহস্পতিবার কেরানীগঞ্জের ওয়াশপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

কামরুল ইসলাম বলেন, ‌‘অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বর্তমান সরকারেরও ধারাবাহিকতা দরকার। তাই বিজয়ের এই মাসে দেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে, উন্নয়নের পক্ষে এবং অগ্রগতির পক্ষে তাদের রায় দেবে।’

তিনি বলেন, ‘১০ বছর আগে দেশের জনগণ কেমন ছিল আর আজকে দেশের জনগণ কেমন আছে তা বিবেচনার ভার আপনাদের।’

আরও পড়ুনঃ বাংলাদেশে ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

কামরুল ইসলাম বলেন, ‘দেশের প্রতিটি সেক্টরে আমরা উন্নতি করেছি। উন্নত দেশের নাগরিকরা যেসব সুযোগ সুবিধা ভোগ করে, আমাদের ভবিষৎ প্রজন্মও সে সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করবে। এমন একটি উন্নত দেশ আমরা ভবিষৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না, সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ বাসস

ইত্তেফাক/কেকে