এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি, অভিযানে দুদক

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৯:২২

এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক নার্গিস সুলতানা ও  মোহাম্মদ জিন্নাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

দুদক সূত্র জানায়, কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ এ অভিযোগ আসে যে, এসএসসি পরীক্ষা-২০১৯ এর ফরম পূরণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি এর পরিবর্তে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা নিচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই স্কুলে অভিযান চালায় দুদকের বিশেষ টিমের সদস্যরা। অভিযানকালে বিদ্যালয়টির অধ্যক্ষ মোছা. নাসরিন নাহারের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে দুদক টিম। 

দুদক টিম সরেজমিনে পরিদর্শন এবং রেকর্ড-পত্র পর্যালোচনা করে দেখে, ফরম পূরণে সরকার নির্ধারিত ফি নেওয়া হলেও একই সঙ্গে শিক্ষার্থীদের নিকট থেকে কোচিং ও অন্যান্য ফি বাবদ বিনা রশিদে সাকুল্যে অতিরিক্ত ৩৫৬০ টাকা করে নেওয়া হচ্ছে।  

পরবর্তীতে বিনা রশিদে অতিরিক্ত ফি আদায়ের জন্য দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিতভাবে প্রত্যয়ন প্রদান করে। যেখানে বলা হয়, ‘যারা আর্থিকভাবে অসচ্ছল ও ফি প্রদানে অপারগ তাদের ফি মওকুফ করা হবে। এবং কোন অভিভাবক আপত্তি করলে কোচিং ফি ফেরত প্রদান করা হবে।’

অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেন, ‘কমিশন এ জাতীয় অনৈতিক অর্থ গ্রহণের বিষয়টি প্রতিরোধে আইনি কাঠামোর মধ্য থেকে প্রতিরোধে চেষ্টা করছে। কোনো কোনো ক্ষেত্রে সফলতাও পাওয়া যাচ্ছে। অভিভাবক, শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং ছাত্র-ছাত্রীদের সম্মিলিতভাবে এ জাতীয় অনৈতিক আর্থিক লেনদেন বন্ধে এগিয়ে আসতে হবে।’

উল্লেখ্য,  এই বিদ্যালয় থেকে এ বছর ৪৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ইত্তেফাক/জেডএইচ