আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন বাংলাদেশ ঘুরে দাঁড়াবার নির্বাচন। এই নির্বাচন সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষার নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে বাংলাদেশ সাম্রাজ্যবাদীদের দখলে চলে যাবে। শায়েখ রহমান বাংলা ভাইদের মত মানুষ দেশের জনগণের উপর নির্যাতন চালাবে।
বৃহস্পতিবার দিনাজপুর-২ আসনের বিরল ও বোচাগঞ্জে নির্বাচনী জনসভায় এ সব কথা বলেন তিনি। দুটি নির্বাচনী জনসভাই হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
বিরল-বোচাগঞ্জের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে খালিদ বলেন, আপনারা আমাকে সমর্থন দিবেন, আমি আগামী পাঁচ বছর আপনাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার নিরাপত্তা দিব। যেভাবে গত ১০ বছর নিরাপত্তা দিয়েছি।
তিনি আরো বলেন, নানা রকম ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে। এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। এই ধারাবাহিকতা বজায় রাখলে ২০২১ সালে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। অব্যাহত উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনাকে আবারো দেশের দায়িত্ব দিতে হবে। তিনি দেশকে নিয়ে ভাবেন এবং দেশের মানুষের উন্নয়নে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
খালিদ বলেন, আগামীতে বিরল-বোচাগঞ্জ হবে দিনাজপুর জেলার অর্থনৈতিক চালিকা শক্তি। এখানে জুট মিল স্থাপন করা হয়েছে, স্থল বন্দর চালু ও কালিয়াগঞ্জ শালবাগানকে জাতীয় উদ্যান ঘোষণার পরিকল্পনা ইতিমধ্যে নেয়া হয়েছে। রেললাইনের উন্নয়ন কাজ করায় ভারত থেকে এখন পণ্যবাহী ট্রেন আসে এবং সরকারের রাজস্ব আদায় হচ্ছে।
আরো পড়ুন: নৌকার মিছিলে ঢলে পড়লেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, হাসপাতালে মৃত্যু
বোচাগঞ্জের জনসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মো. খাদেমুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌর মেয়র আব্দুস সবুর বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বিরলের জনসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ডা. মানবেন্দ্র রায় মানব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন, ফারুকুজ্জামান চৌধূরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, অধ্যাপক রিয়াজুল ইসলাম, সারওয়ারুল ইসলাম বাবলু, মেনু রাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, আনোয়ারুল ইসলাম, সৈয়দ জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/জেডএইচ
