করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব থমকে যাওয়ায়, সমাজের খেটে খাওয়া মানুষগুলোর কপালে যেন কালো মেঘের ঘনঘটা। যাদের এক বেলা কাজ না করলে জীবন চলে না সেই মানুষগুলোকে অনেক দিন ঘরে বসে থাকতে হচ্ছে। আর তাই তো তাদের পাশে দাঁড়াতে নিজের জন্মদিন উদযাপন বাদ দিয়ে সমাজের সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালেন জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম।
মাশরাফি-তামিম থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, শহীদ আফ্রিদিসহ অনেকেই কম বেশি আর্থিকভাবে করোনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেছেন। এ তালিকায় বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলমও এগিয়ে এলেন, তবে নিজের জন্মদিনকেই দারুণ এই কাজের জন্য বেছে নিলেন তিনি।
বুধবার (০২ এপ্রিল) ২৭ বছরে পা রাখেন জাহানারা। জানা যায়, নিজ এলাকা মিরপুরে ৫০টি দরিদ্র পরিবারকে আজ সকালে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দিয়ে সহায়তা করেছেন।
পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাহায্যের কিছু ছবি পোস্ট করেন জাহানারা। আর ক্যাপশনে লিখেন, এটা কোন লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্যানুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
আপনার সামর্থ্যের মধ্যে ১জন, ৫জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।
এর আগে বাংলাদেশ জাতীয় পুরুষ দলের ক্রিকেটাররা নিজেদের এক মাসের বেতনের অর্ধেক অনুদান হিসেবে দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবও সাহায্যের জন্য তহবিল গঠন করেছে।
ইত্তেফাক/এসআই
