রাজধানীতে হাত ধোয়া কর্মসূচি গ্রহণ করেছে ছাত্রলীগ

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২০:২৮

করোনা ভাইরাস (কভিড ১৯) সংক্রমণ রোধে রাজধানীর বিভিন্ন এলাকায় হাত ধোয়া কর্মসূচি গ্রহণ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পক্ষ থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জনসাধারণের হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করা হয়।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, নগরবাসী যাতে সহজে হাতকে জীবাণুমুক্ত করতে পারেন সেজন্য এই পদক্ষেপ। পর্যায়ক্রমে নগরীর বিভিন্নস্থানে দ্রুত এই কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হবে।

মেহেদি বলেন, করোনাভাইরাসে সৃষ্ট সংকটে অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণসহ হাত ধোয়া কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা নগরের বিভিন্নস্থানে জনগণকে হাত ধোয়ায় সচেতন করতে এই কর্মসূচি নিয়েছি। করোনাভাইরাস প্রতিরোধ না হওয়া পর্যন্ত ছাত্রলীগ মানুষের পাশে থাকবে।

আরও পড়ুনঃ  হাতিরঝিলে গ্যাস সঞ্চালনের পাইপ লিক হয়ে হঠাৎ আগুন

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ইতিমধ্যে পড়েছে। তাই করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে গত ২৬ মার্চ থেকে ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করে মানুষকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়। পরবর্তীতে এই ছুটি বাড়িয়ে আগামী ১১ এপ্রিল পর্যন্ত মানুষকে হোম কায়ারেন্টাইনে থাকতে বলেছে সরকার। গত মঙ্গলবার থেকে বুধবার রাত পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ সর্দি-জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, সাতক্ষীরা, শরীয়তপুর, নড়াইল, ঝালকাঠি, চট্টগ্রাম ও ফেনীতে তাদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে।

ইত্তেফাক/এমএএম