বেতন সীমিত করতে রাজি মরগ্যান

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৯:৪২

ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগ্যান বলেছেন, ইসিবির আর্থিক সংকটের কথা বিবেচনা করে বেতন কম নিতে তিনি প্রস্তুত আছেন। করোনা ভাইরাস মহামারির কারণে আর্থিক সংকটে পড়েছে ইসিবি। সেই সংকটের কারণে তারা খেলোয়াড়দের সাময়িকভাবে বেতন কমানোর প্রস্তাব দিয়েছে। তবে এ রকম আনুষ্ঠানিক প্রস্তাব যে দেওয়া হয়েছে, তা জানেন না মরগ্যান।

ডেইলি মেইল ও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে যে, ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন ইংল্যান্ডের খেলোয়াড়দের সংস্থা পিসিএ-এর প্রধান নির্বাহী টনি আইরিশকে একটি চিঠি লিখেছেন। যেখানে ইসিবি আপাতত খেলোয়াড়দের ২০ শতাংশ বেতন কম দেওয়ার ব্যাপারে একটা প্রস্তাব দিয়েছে। মরগ্যান বলেছেন, তিনি এই প্রস্তাব সম্পর্কে কিছু জানেন না।

তবে এ রকম সময়ে তিনি যে কোনো সহায়তার জন্য প্রস্তুত আছেন বলে বলেছেন, ‘যেখানে আমার কোনো কাজে কোনো পার্থক্য তৈরি হয়, সেখানেই আমি কিছু সাহায্য করতে প্রস্তুত আছি। এমন এক অনিশ্চয়তার কালে আমরা আছি, যেখানে কারো কাছেই এই উত্তর নেই যে, এই ব্যাপারটার প্রভাব ক্রিকেটে কতোটা ভয়ংকর হবে। আমি সবকিছুর জন্য দুয়ার খুলে রেখেছি। আমি একটা জিনিস জানি যে, ক্রিকেটের সবাই খুব ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি যে জায়গায় দরকার, আমার দ্বারা যা সম্ভব সেটা করতে তৈরি আছি।’

অবশ্য এই সংকটের মধ্যেও মরগ্যানের একটা সুখবর আছে। তার প্রথম সন্তান লিও তিন সপ্তাহ আগে জন্ম নিয়েছে। আইপিএল এই সময়ে না হওয়াতে এটা মরগ্যানের জন্য ভালো হয়েছে। তিনি স্ত্রী ও সন্তানের পাশে থাকতে পেরেছেন।