ময়মনসিংহ ৮: মাঠ চষে বেড়াচ্ছে নৌকা, আত্মগোপনে ধানের শীষ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৪০

ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনে মহাজোট প্রার্থী ফখরুল ইমাম তার নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। অন্যদিকে ধানের শীষের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপন করে আছেন। ফলে মাঠ পর্যায়ে বলিষ্ঠ কোনো ভূমিকা রাখতে পারছে না বিএনপি নেতারা।

এ আসনে ২০১৪ সালের নির্বাচনের পর থেকেই জাপা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে ছিল চরম বৈরী সম্পর্ক। তবে দলীয় কঠোর সিদ্ধান্তে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাবেক এমপি আব্দুস সাত্তারের সঙ্গে মহাজোট প্রার্থী ফখরুল ইমামের সম্পর্ক এখন মধুর মিলনে রূপ নিয়েছে। তারা দুজন মিলে এখন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

অপরদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনও নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাজোটের বড় বাধা হয়ে দাড়িয়েছিলেন। পরে উচ্চ আদালতের স্থগিতাদেশে গত ২৫ ডিসেম্বর ময়মনসিংহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে মহাজোট প্রার্থীর পক্ষে সমর্থন ঘোষণা করেন।

মহাজোট প্রার্থী ফখরুল ইমাম তার নির্বাচনী সভা সমাবেশে তার বিগত পাঁচ বছরের নানা প্রতিশ্রুতি বর্ণনা দিয়ে ভোট চাইছেন। তিনি পুনরায় নির্বাচিত হলে বেকারত্ব দূরীকরণে তিনি ঈশ্বরগঞ্জের চর রামমোহনে অনুমোদিত অর্থনৈতিক অঞ্চলসহ ফোরটিন্স উপজেলা নগরায়ন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের চেষ্টা করে ঈশ্বরগঞ্জের উন্নয়নে অবদান রাখবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।

অপরদিকে বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন, লুৎফুল্লাহেল মাজেদ দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় কার্যক্রম চালিয়ে দলকে সুসংগঠিত করে তুলছিলেন। তাদের কেউই মনোনয়ন পাননি। এ আসনে গণফোরামের অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামানকে ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিকে দলীয় মান-অভিমান দূর করে যখন নেতাকর্মীরা জোর প্রচারণায় মাঠে নামে। ঠিক তখনই এই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা ও গ্রেপ্তার শুরু করে বলে জানিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ। তিনি বলেন, 'মাঠে তাদের বিপুল জনসমর্থন রয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে বিএনপিকে ফেল করাতে ৪০-৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। আমরা বর্তমানে মাঠে না থেকে আত্মগোপন করে আছি। এরপরও আমরা আশাবাদী বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে।'

আরও পড়ুনঃ ময়মনসিংহ ১০: চমকপ্রদ ফলাফল প্রত্যাশী নৌকা, প্রচারণায় ছিল না ধানের শীষ

এছাড়া মাঠে এলডিপি থেকে এম এ বাশার ছাতা প্রতীক নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুফতি হাবিবুল্লাহ হাতপাখা নিয়ে, ন্যাশনাল মুসলিম লীগ থেকে সাইফুদ্দিন মনি হারিকেন প্রতীক নিয়ে, পিপলস পার্টি থেকে আব্দুল্লাহ আল মামুন আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইত্তেফাক/নূহু