কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনি গ্রামের মাতামুহুরী নদীর পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম আসমাউল হোসনা (১২) ও উম্মে হাবিবা ইসমা (১৩)। আসমাউল লোটনি গ্রামের শামসুল আলমের মেয়ে। সে স্থানীয় লোটনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো। অন্যদিকে উন্মে হাবিবা একই এলাকার আবদুল মোসাফেরের মেয়ে। এ বছর সে স্থানীয় হাজিয়ান দাখিল মাদরাসার অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছে।
লোটনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রেজা চৌধুরী জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে আমাদের স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী আসমাউল ও তার মামাতো বোন ইসমা মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। আসমাউল সাতার জানতো না। সে পানিতে নামা মাত্রই তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করার চেষ্টা করে ইসমা। এ সময় দুইজনই পানিতে ডুবে যায়।
আরো পড়ুন : পলাতক সব খুনিকে মুজিববর্ষেই দেশে ফেরত আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী
তিনি আরো জানান, গোসল করে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবার সদস্যরা খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পাড়ার লোকজনসহ মাতামুহুরী নদীর পানিতে সন্ধান চালিয়ে বিকেল ৩টার দিকে তাদের লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/ইউবি
