সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে খোলপেটুয়া নদীর দেড়শ ফুটের বেশী বেড়িবাঁধ ভেঙ্গে চারটি গ্রামে প্লাবিত হয়েছে।
প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, শনিবার ভোরে খোলপেটুয়া নদীর তুমুল স্রোতের বেগে দেড়শ ফুটের বেশী বেড়িবাঁধ ভেঙে যায়। প্রবল জোয়ারের চাপে কোলার জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। ভাঙনে কোলা, হিজলী মাড়িয়ালা ও হাজরাখালি গ্রামে পানি ঢুকে পড়ে। এসব গ্রামের চার হাজার বিঘার বেশি মাছের ঘের ভেসে গছে।
এই একই এলাকায় গত ২৮ মার্চ খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ ভেঙে যায়। এই এলাকার উল্টোদিকে একই ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় গত ৮ এপ্রিল কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে অনুরূপ ক্ষতি হয়। যা এলাকার হাজার হাজার মানুষ করোনা পরিস্থিতির মধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিশ্রম করে ওই বেড়িবাঁধ ঠেকিয়ে রেখেছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ সহকারী প্রকৌশলী মো. মশিউল আবেদীন বলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কোলায় খোলপেটুয়া নদীর দেড়শ ফুটের বেশী বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার খবরে পানি উন্নয়ন বোর্ড’র কয়েকজন কর্মকর্তা সেখানে চলে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এখনই করণীয় নির্ধারণ করবেন পাউবো’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ইত্তেফাক/আরএ
