রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষাগারে এ পর্যন্ত ৩০৭ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে রাজশাহী বিভাগের কোনো ব্যক্তির করোনা শনাক্ত হয়নি। সবার রিপোর্ট এসেছে নেগেটিভ। করোনা রোগীদের চিকিৎসায় রামেক হাসপাতালের গঠিত চিকিৎসা টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ শনিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি আরও জানান, গত ১ এপ্রিল রামেকে ল্যাব চালু হয়। এরপর ৩০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বগুড়া থেকে আসা রংপুরের এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর বাইরে রাজশাহী বিভাগের কোনো রোগীর নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।শনিবারও ল্যাবে ১১৩ জনের নমুনা এসেছে। এর মধ্যে ৯৪ জনের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। ল্যাবে একসঙ্গে ৯৪টি নমুনা পরীক্ষা করা যায়। বাকি যে নমুনাগুলো রয়েছে সেগুলো রবিবার পরীক্ষা করা হবে। তিনি আরও জানান, করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া এই দুই রোগীকে সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনের বাড়ি পাবনা এবং অপরজনের রাজশাহী নগরীর নওদাপাড়ায়। পাবনা থেকে আসা ছাত্র ঢাকার মিরপুরে থাকতেন। আর নওদাপাড়া থেকে ভর্তি হওয়া ব্যক্তি ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজে ঢাকার মিরপুর এলাকায় গিয়েছিলেন।
আরও পড়ুন:
করোনা চিকিৎসক টিমের প্রধান বলেন, ঢাকার মিরপুর এলাকায় অনেকগুলো করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। এ কারণে নতুন দুইজনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ তারা দুইজনেই একই এলাকায় ছিলেন বা গিয়েছিলেন।
তাদের দুইজনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকলেও পাবনার ছাত্রের জ্বর কিছুটা কমেছে। তাদের দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এ সময় রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌসও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক চলছে। শনিবারও হাসপাতালে ৫৬৮ জন রোগী ভর্তি রয়েছেন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ২৯৩ জন। বৃহস্পতি এবং শুক্রবার ৭৬টি অস্ত্রোপচার করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
