ফুলগাজীতে হতদরিদ্রের চাল মিললো প্রবাসীর বাড়িতে, গ্রেপ্তার ১

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২৩:৫০

ফেনীর ফুলগাজীতে হতদরিদ্রের ওপেন মার্কেট সিস্টেম (ওএমএস) খাতে চাল বরাদ্দ কর্মসূচির চাল মিললো প্রবাসীর বাড়িতে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুলতানা নাসরিনের নেতৃত্বে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে এক প্রবাসীর বাড়ি থেকে ত্রিশ কেজি ওজনের ৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় চালসহ জাকির হোসেন মজুমদার (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ফুলগাজী থানায় সোপর্দ করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী ঘোষিত ১০ টাকা কেজি দরে হতদরিদ্রের জন্য সরকার ওপেন মার্কেট সিস্টেম (ওএমএস) খাতে চাল বরাদ্দ কর্মসূচির ৫ কেজি করে কার্ডের মাধ্যমে চাল বরাদ্দ দেন। কিন্তু স্থানীয় ডিলার আবদুল আউয়াল ওরফে নান্নু তা রাতের আঁধারে প্রবাসী জাকির হোসেন মজুমদারের নিকট ৬ বস্তা চাল বিক্রি করে দেয়। 

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও জেলা লকডাউন

আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুস্করনি গ্রামের হাবিব উল্লাহ মজুমদারের ছেলে। তবে অভিযানের বিষয়টি টের পেয় স্থানীয় ডিলার আবদুল আউয়াল ওরফে নান্নু (৩৮) পালিয়ে যায়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কুতুব উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, হতদরিদ্রের চাল আত্মসাতের অভিযোগে জাকির হোসেন মজুমদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ডিলার আবদুল আউয়াল নান্নুসহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুলতানা নাসরিন কান্তা বলেন, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে আমজাদহাটে অভিযান চালিয়ে এক প্রবাসীর বাড়ি থেকে ৬ বস্তা চালসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ফুলগাজী থানায় সোপর্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি জানতে পেরে স্থানীয় আমজাদহাট বাজারের ডিলার আবদুল আউয়াল ওরফে নান্নু সটকে পড়েন।

ইত্তেফাক/ এমএএম