ব্রাহ্মণবাড়িয়ায় মারা যাওয়া নারী ও প্রবাসীর করোনা পজিটিভ

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৬:৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া আখাউড়ার এক নারী ও নাসিরনগরের এক প্রবাসীর রিপোর্ট পজিটিভ এসেছে। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে জানানো হয়েছে নাসিরনগরের প্রবাসী ও আখাউড়ার নারীর রিপোর্ট পজিটিভ এসেছে। আখাউড়ার ধরখার ইউনিয়নে জ্বর, সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ৯ এপ্রিল স্বামীর বাড়িতে ওই নারী মারা যান। এরপর থেকে ওই বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন করা হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা জানান, ওই নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এলাকাটিতে লোক চলাচলে আরো কঠোর  ব্যবস্থা নিতে তারা সেখানে যাচ্ছেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৭ এপ্রিল শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে এক মালয়েশিয়া প্রবাসী মারা যান। পরবর্তীতে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার নমুনার ফলাফল হাতে পান সংশ্লিষ্টরা। ওই ব্যক্তি নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন জন। এছাড়া আরো সাতজন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়াকে লকডাউন করা হয়েছে।

আরো পড়ুন: অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত সন্তানকে নিয়ে ৪৮ কিলোমিটার হাঁটলেন মা!

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, দুপুরে ওই প্রবাসীর পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া যায়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা চিকিৎসা দিতে গিয়ে আমাদের আবাসিক চিকিৎসক ও জরুরি বিভাগের চিকিৎসক তার সংস্পর্শে এসেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এএএম