ঝগড়া মেটাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাবেক ইউপি চেয়ারম্যান

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৯:৩০

গাইবান্ধা সাঘাটা উপজেলায় ঝগড়া বিবাদ মেটাতে গিয়ে লাশ হয়ে ফিরে এলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মোল্লা (৬০)। রবিবার সাঘাটা বাজার এলাকায় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করেছে।

নিহত আব্দুল হামিদ মোল্লা উপজেলার হাসিলকান্দি গ্রামের মৃত. কছোর উদ্দিন মোল্লার ছেলে ও সাঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আটক শ্যামল চন্দ্র সাহা (৪০) ও নীলমনি সাহা (৩৫) উভয়েই সাঘাটা বাজারের ননী গোপাল সাহার ছেলে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, শ্যামল চন্দ্র সাহা ও নীলমনি সাহার সঙ্গে তাদের অপর ভাই কালাচাঁন সাহার দীর্ঘদিন থেকে বসত ভিটার সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই ঘটানার জের ধরে রবিবার সকালে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। খবর পেয়ে তাদের বিবাদমান বিষয়টি মীমাংসার জন্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মোল্লা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় শ্যামল ও নীলমনি সাহা হটাৎ ক্ষিপ্ত হয়ে আব্দুল হামিদ মোল্লাকে কিলঘুষি মারতে শুরু করে। এতে তিনি মাঠিতে লুটিয়ে পরে ঘটনাস্থলেই মারা যান।  

আরও পড়ুন: শোবার ঘরের মাটি খুঁড়ে সরকারি চালের বস্তা উদ্ধার

তিনি আরও জানান, এ খবর পেয়ে হামিদ মোল্লার আত্মীয় স্বজনরা শ্যামল সাহা ও নিলমণি সাহার সাঘাটা বাজারস্থ ব্যবস্যা প্রতিষ্ঠানে হামলা চালায়ে ভাঙচুরের চেষ্টা করে। তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দুইভাই শ্যামল ও নীলমণি সাহাকে গ্রেপ্তার করে। 

ওসি বলেন, এঘটনায় নিহতের ছেলে জাহিদ মিয়া বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহা পরিবারের বাড়ি ও দুটি ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সাঘাটা বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এসি