মাধবপুরে ছুটির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৬:৫০

মহামারি করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা মজুরিসহ ছুটির দাবিতে মানববন্ধন করছে। সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেলিয়াপাড়া চা বাগান পঞ্চায়েত ও চা শ্রমিকদের আয়োজনে চা বাগানের অফিস এলাকায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শতশত চা শ্রমিক সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধনে অংশগ্রহণ করেন ।

তেলিয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লালন পাহান জানান, সারা দেশে যখন করোনা ঝুঁকি এড়াতে সবকিছু বন্ধ করে দেয়া হয়েছে, তখন চা শ্রমিকদের করোনা ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে চা শ্রমিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হয়েছে।

আরো পড়ুন: ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন দেয়ার নির্দেশ

পঞ্চায়েত কমিটির সভাপতি খোকন তাঁতি জানান, চা বাগানে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার কোন সুযোগ নেই। যদি একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে এটাকে আর নিয়ন্ত্রণ করা যাবে না।

তাই সরকার ও মালিকপক্ষের কাছে চা শ্রমিকদের জীবন বাঁচাতে রেশন, মজুরিসহ ছুটি প্রদানের দাবি করেন তিনি।

ইত্তেফাক/এএএম