প্রাণঘাতী করোনা ভাইরাসে থমকে আছে পুরো বিশ্ব। কোভিড-১৯ এর সংক্রমণ ছড়িয়েছে বাংলাদেশেও। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপন করা হয় প্রতিবারের মতো। তবে বর্তমান পরিস্থিতিটা ভালোভাবে সামাল দিতে পারলে ভবিষ্যতে আরও অনেক উপলক্ষ্য উদযাপন করা যাবে বলে জানান বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলম।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘আজ বাংলা বছরের প্রথম দিন। এ দিনটাকে আমরা সবাই পান্তা-ইলিশ, নতুন জামাকাপড়ের মাধ্যমে বরণ করে নেই। তবে এবারের নব-বর্ষের দিনটি সম্পূর্ণ ভিন্ন। কারণ যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পার হচ্ছি, এটি যদি খুব ভালোভাবে মোকাবিলা করতে পারি, তাহলে শুধু আজকের উপলক্ষ্য নয়, সামনে আরও যত উপলক্ষ্য আসবে, সবগুলোই পরিবারের সঙ্গে ভালোভাবে উদযাপন করতে পারব।’
বাসার বাইরে থেকে করোনা ভাইরাসের বিপক্ষে লড়ছেন চিকিৎসক-আইনশৃঙ্খলাবাহিনী-সেচ্ছাসেবকরা। এসব যোদ্ধাদের ধন্যবাদও জানিয়েছেন তিনি, ‘এই পরিস্থিতিতে যারা জীবনের পরোয়া না করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, সেই চিকিৎসক এবং নার্সদের আমার স্যালুট। আন্তরিকভাবে ধন্যবাদ তাদের। ইতোমধ্যে কয়েকজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং অনেক চিকিৎসক-নার্স সংক্রমিত হয়ে কোয়ারেন্টাইনে আছেন। আল্লাহর কাছে দোয়া করি আপনারা সুস্থ হয়ে ফিরে আসুন।
আমি ধন্যবাদ দিচ্ছি প্রশাসনে যারা আছেন, পুলিশ, সেনাবাহিনী-র্যাব আপনারা যারা মৃত্যুর ঝুঁকি নিয়ে রাস্তায় থেকে, আমাদের বাড়িতে থাকা নিশ্চিত করছেন। আজ বছরের প্রথম দিন, পরিবারের সঙ্গে না থেকে আমাদের জন্য ডিউটি করছেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার স্যালুট।
একইসঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি ডেলিভারি বয়দেরকে। যারা ঝুঁকি নিয়ে আমাদের বাসায় খাবার, জরুরি ওষুধ পৌঁছে দিচ্ছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
একটা কথাই শুধু বলতে চাই, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।’
ইত্তেফাক/জেডএইচডি
