৮ জন করোনায় আক্রান্ত হওয়ায় দিনাজপুর জেলা লকডাউন ঘোষণা

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০১:৫৭

দিনাজপুরে মোট ৮ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর দিনাজপুর জেলাকে লক ডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুধবার দিনাজপুরে আরও একজনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, পার্বতীপুরে ঢাকা থেকে আসা এক গার্মেন্টস কর্মীর দেহে করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত করা হয়েছে। এর আগে গত সোমবার প্রথম বারের মতো ৭ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত করা হয়। এ নিয়ে দু’দিনে দিনাজপুরে মোট ৮ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হলো। 

দিনাজপুরে প্রথমবারের মতো সাত জনের শরীরে করোন ভাইরাস কোভিড-১৯ পজিটিভ সংক্রমন সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলার তিন জন, নবাবগঞ্জ উপজেলায় তিন জন এবং ফুলবাড়ী উপজেলায় একজন। আক্রান্তদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন নারী। এদের ৬ জনই ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে এসেছে এবং একজন স্থানীয়। 

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুর সদর উপজেলায় আক্রান্ত তিন জনের মধ্যে দুইজন দিনাজপুর পৌর এলাকার দিনাজপুর সরকারী কলেজের বিপরীতে গোয়ালপাড়া এলাকার স্বামী-স্ত্রী। তারা দুজনেই নারায়নগঞ্জ থেকে এসেছে এবং গোয়ালপাড়া এলাকার পাশ্ববর্তী ১নং চেহেলগাজী এলাকার নয়নপুর এলাকার। তিনি গাজীপুর থেকে এসেছেন। 

নবাবগঞ্জের তিন জনের বাড়ি শালদিঘী, কচুয়া এবং গোলাপঞ্জ গ্রাম। এদের তিনজনের মধ্যে ২ জন ঢাকা থেকে আগত এবং একজন স্থানীয়। ফুলবাড়ীর আক্রান্ত ব্যাক্তির বাড়ি দৌলতপুর গ্রামে। তিনি নারায়নগঞ্জ থেকে এসেছেন।   

সিভিল সার্জন জানান, দিনাজপুরে এ পর্যন্ত ১৪৯ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো জয়। এরমধ্যে ৭২ জনের রিপোর্ট আসে। এই ৭২ জনের মধ্যে ৮ জনের কোভিড-১৯ পজিটিভ সনাক্ত হয়।

এদিকে দিনাজপুরে ৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় দিনাজপুরবাসীর মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইত্তেফাক/এসআই