করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে ফুটি হ্যাগস

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৫:১৪

করোনা ভাইরাসের প্রকোপে দেশে চলমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া গরীব ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ফুটি হ্যাগস। রাজধানী ও এর বাইরে শ্রমিক, দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে নিত্য-প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করছে রাজধানীর পেশাজীবী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ফুটবল দল ফুটি হ্যাগস।

দেশে চলমান করোনা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া নিম্ন অয়ের জনসাধারণকে প্রতি সপ্তাহে বাজার করে দেওয়া হচ্ছে এই দলের পক্ষ থেকে। এভাবে পর্যায়ক্রমে প্রায় ৫০০ পরিবারকে অন্তত ৮ সপ্তাহ ধরে নিত্য-প্রয়োজনীয় খাদ্যদ্রব্য উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

জানা যায়, আর্থিক চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে তা পাঠানো হয় সুপারশপ স্বপ্ন'র শো-রুমে। সেখানে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করলে দেওয়া হয় একটি প্যাকেট। সেই প্যাকেটের মধ্যে চাল, ডাল, তেল, সাবান, লবণ, মাস্ক, শাকসবজি থেকে শুরু করে আরো অনেক খাদ্যদ্রব্য থাকে।

রাজধানী ঢাকার গুলশান, নিকুঞ্জ, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ ঢাকার বাইরে কেরানীগঞ্জ ও গোপালগঞ্জে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২০ মার্চ থেকে প্রাথমিকভাবে ২৫টি পরিবারকে সাহায্যের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করে ফুটি হ্যাগস। পরবর্তীতে দেশ ও দেশের বাইরের আরো অনেকের সহযোগিতায় তা বেড়ে এখন পর্যন্ত ২৫০ পরিবারে রূপ নিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রায় ৫০০ পরিবারের কাছে এই সেবা পৌঁছে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।ফুটি হ্যাগস এর অন্যতম প্রতিষ্ঠাতা আশিক রহমান বলেন, ফুটি হ্যাগস শুধুমাত্র একটি ফুটবল দল নয়, এটি উন্নয়নমূলক ও সামাজিক একটি আন্দোলনের নাম। এই লক্ষ্যেই ফুটি হ্যাগস এর যাত্রা শুরু হয়। খেলাধুলার পাশাপাশি সমাজের বিভিন্ন দিকে পরিবর্তন আনতে কাজ করছে দলটি। দেশের প্রতিটি দুর্যোগকালীন সময়ে সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে আসতে চায় এই দল।

দলের অন্যতম সদস্য রিয়াদ হোসেন বলেন, আমাদের লক্ষ্য ছিল এমন কিছু করা যার মাধ্যমে অন্যরাও তা অনুসরণ করতে পারবে। প্রথমে আমরা ছোট পরিসরে আমাদের কার্যক্রমের কথা চিন্তা করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের ডাকে আরো অনেকেই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। যার কারণে আমরা এতগুলো পরিবারের মাঝে সহযোগিতার কার্যক্রম পরিচালনা করতে পারছি। আমরা আমাদের কার্যক্রম আরো বৃদ্ধি করতে চেষ্টা করবো।

ঢাকার পেশাজীবী ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি উন্নয়ন ও সেবামূলক ফুটবল দল ফুটি হ্যাগস। ২০১২ সালে গঠিত হওয়া ফুটি হ্যাগস দলটির সঙ্গে বর্তমানে সংশ্লিষ্ট আছেন ব্যবসায়ী, গায়ক, পেশাজীবী, খেলোয়াড়সহ মোট ৩৭ জন সদস্য। গতবছর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার জন্য একটি ফুটবল ম্যাচ খেলেছিল ফুটি হ্যাগস টিম।

ইত্তেফাক/জেডএইচডি