সংক্ষিপ্ত হলো মুজিবনগর দিবসের কর্মসূচি

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২০:০৩

করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কায় আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। গত ১৩ এপ্রিল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও তিন উপজেলায় তিনটি তোরণ নির্মাণ। কর্মসূচিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন জেলা প্রশাসক আতাউল গনি। মেহেরপুর জেলা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ ও অন্য সংগঠন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর সুবিধাজনক সময়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিন উপজেলার নির্বাহী কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেক্টর তোরণ নির্মাণের দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের সুতিকাগার প্রথম বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল এই মুজিবনগরে।
এই সরকারের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা হয়। এর পর থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতি বছর এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। 

যেভাবে ১৭ এপ্রিল

১০ এপ্রিল ১৯৭১ এক ঘোষণার মাধ্যমে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষনা করা হয়। তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করা হয়। ১৯৭১ এর ১৭ এপ্রিল ওই সরকারের শপথ অনুষ্ঠিত হয় তৎকালীন বৈদ্যনাথতলার (মুজিবনগর) আ¤্রকাননে। সেইঅনুষ্ঠান পর্যবেক্ষন করেছিলেন জাতীয় আন্তজার্তিক সাংবাদিক, পর্যবেক্ষক এবং বিশিষ্ট রাজনীতিবিদরা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ওই শপথ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
 
মুক্তাঞ্চল ছিল বৈদ্যনাথতলা

যুদ্ধকালীন সময়ে মেহেরপুরকে পাকিস্তানী বাহিনী দখল করে নিলেও বৈদ্যনাথতলা ছিল মক্তাঞ্চল। তৎকালীন মেহেরপুর মহাকুমার নিভৃত পল্লী এই বৈদ্যনাথতলা। ব্রিটিশ শাসনামলে পশ্চিমবঙ্গের অন্তর্গত নদীয়া জেলার মেহেরপুর ছিল মহকুমা শহর। সে সুবাদে কলকাতার সাথে বৈদ্যনাথতলার সরাসরি সড়ক যোগাযোগ ছিল। সরকার গঠনের পর মুজিবনগরকে অন্তবর্তীকালিন রাজধানী ঘোষনা করা হয়েছিল। পাশাপাশি স্বাধীনতার ফরমান জারি করে মুক্তিযুদ্ধ শুরু করা হয়েছিল। 

ইত্তেফাক/এসি