মেলবোর্নে কোহলিকে নিয়ে অশালীন মন্তব্য

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:২৭

মেলবোর্ন টেস্টের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম কোনো সিরিজ জয়ের আশায় এখন বিভোর বিরাট কোহলিরা। তবে এর মধ্যে একটি ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করল। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে ভারতীয় অধিনায়ককে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন অসি দর্শকরা।

অ্যাডিলেডে ব্যাটিংয়ের সময় কোহলিকে শুনতে হয়েছিল ধিক্কার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারির পরিবেশ ছাড়িয়ে গেল সেটাকেও। ভারতীয় দল ফিল্ডিং করার সময় অপ্রীতিকর এই ঘটনা ঘটে। কোহালিকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য ভেসে আসে। বলা হয়, কোহলি, তুমি ব্যর্থ বীর্য।

কোহলি অবশ্য এমন মন্তব্যে উত্তেজিত হননি, বা মেজাজ হারাননি। উল্টো টুপি খুলে গ্যালারির দিকে অভিবাদন নেওয়ার ভঙ্গি করেন। তাঁর এই প্রতিক্রিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে অনেকে প্রশংসা করেছেন।

অধিনায়কের প্রতি যে অবমাননাকর ধ্বনি ভেসে আসছে গ্যালারি থেকে, সেটা মাঠে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটারেরাও বুঝতে পারেন। এমসিজির একই স্ট্যান্ড থেকে ভারতীয় দল এবং ভারতীয় সমর্থকদের প্রতি বর্ণবৈষম্যমূলক মন্তব্য করারও অভিযোগ উঠেছে। বার বার সুর করে বলা হয়েছে, ‘তোমার ভিসা দেখাও, তোমার ভিসা দেখাও।’

ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, বর্ণবৈষম্যমূলক প্ররোচনা কেউ দিলে বা আপত্তিজনক মন্তব্য করা হলে পুরো স্ট্যান্ড খালি করে দিতেও দ্বিধা করবে না তারা। ভিক্টোরিয়া পুলিশ এবং স্টেডিয়াম কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়েছে এবং নজর রাখতে বলা হয়েছে। বিশেষ করে কুখ্যাত ওই গ্যালারির দিকে। শনিবার, চতুর্থ দিনেও বাড়াবাড়ি দেখলে মাঠ থেকে বের করে দেওয়া হবে।

ইত্তেফাক/কেআই