জুভেন্টাসের কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদোর বাঁ হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সিরি-এ চ্যাম্পিয়ন ক্লাবটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুই সপ্তাহ আগে সুইজারল্যান্ডের ইয়াং বয়েজের কাছে ২-১ গোলে চ্যাম্পিয়ন্স লিগের পরাজয়ের ম্যাচে ৩০ বছর বয়সী কুয়াদ্রাদো ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। ক্লাব সূত্র জানিয়েছে কুয়াদ্রাদোর অস্ত্রোপচার বেশ সফলভাবেই সম্পন্ন হয়েছে।
তার বাঁ হাঁটুর মেনিসকাস ও কার্টিলেজ ক্ষতিগ্রস্থ হয়েছিল। আগামী কয়েকদিনের মধ্যেই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। তবে কবে নাগাদ তিনি ফিরবেন এ ব্যপারে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
আরো পড়ুন: ‘ভোট হবে উৎসবমুখর, আতংকিত হওয়ার কারণ নেই’
ইতালিয়ান গণমাধ্যমের সূত্রমতে হয়তোবা তিনমাস কুয়াদ্রাদোকে বিশ্রামে থাকতে হতে পারে। এর ফলে ফেব্রুয়ারিতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে তার খেলা হচ্ছে না বলে ইঙ্গিত পাওয়া গেছে।
ইত্তেফাক/কেআই
