আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে: আব্দুর রহমান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৬

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‌‘বিএনপির অপকৌশলে বিভ্রান্ত না হয়ে নির্বাচনের দিন দলের প্রতিটি নেতাকর্মীকে ভোট কেন্দ্রে সার্বকক্ষণিক উপস্থিত থাকতে হবে।’

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবে বলে অপপ্রচার চালানো হচ্ছে। এটা বিএনপির একটি অপকৌশল হতে পারে। তারা (বিএনপি) ভোটারদের পক্ষে নিতে এবং ভোট কেন্দ্র দখলের জন্য এ ধরনের অপকৌশলের আশ্রয় নিয়ে থাকতে পারে।’

রহমান আরো বলেন, ‘বিএনপি-জামায়াতের এ ধরনের অপকৌশলে বিভ্রান্ত না হয়ে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের ভোট কেন্দ্রে থাকতে হবে, নিজের ভোট দিতে হবে এবং ভোটারদের কেন্দ্রে আনতে হবে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলের এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ‘বিএম মোজাম্মেল হক এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদিক ফজিলাতুন-নেসা ইন্দিরা এমপি প্রমূখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘আগামীকাল জাতীয় নির্বাচন দেশের ও জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক শক্তি জয়ী হবে, না বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অশুভ শক্তি জয়ী হবে।’

তিনি বলেন, ‘বিএনপি জামায়াতের কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে নির্বাচনের দিন মাঠে থাকতে হবে।’

আব্দুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াত ও জাতীয় ঐক্যফ্রন্ট চরমভাবে দেউলিয়া হয়ে নির্বাচনী প্রচার পর্যন্ত চালাতে পারেনি। তারা মনোনয়ন বাণিজ্য এবং স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের সন্তানদের নির্বাচনে মনোনয়ন দেয়ায় প্রচারণায় ভালোভাবে অংশ নিতে পারেননি।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে সংঘাত ও সহিংসতার পথ বেছে নিয়েছে। তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যাচার ও গুজব সৃষ্টির পথ বেছে নিয়েছে।’

আরও পড়ুনঃ জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ৪ জঙ্গি নিহত

আগামীকালের নির্বাচনে বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আব্দুর রহমান।

ইত্তেফাক/কেকে