লকডাউনে থাকায় এবার জন্মদিন পালন করবেন না রানি এলিজাবেথ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:৫১

ইত্তেফাক ডেস্ক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে ২১ এপ্রিল তার ৯৪তম জন্মদিন পালন করবেন না। এ দিন তিনি উইন্ডসর ক্যাসেলে লকডাউন অবস্থায় কাটাবেন। রানির জন্মদিনের অনুষ্ঠান না পালনের এটি দ্বিতীয় ঘটনা। যৌবনেও তিনি একবার জন্মদিন পালন করা থেকে বিরত থেকেছিলেন। তার বিয়েতে ‘সহচরী’ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লেডি পামেলা হিকস, যিনি আজ রবিবার ৯১ বছরে পা রাখছেন। হিকস বলেছেন, প্রিন্স ফিলিপ তখন নেভিতে চাকরি করতেন। রানির বয়স তখন ছিল ২১ বছর।  খবর ডেইলি মেইলের।

পামেলা বলেন, রানি ও আমি তখন একসঙ্গে থাকতাম। তার জন্মদিন ২১ এপ্রিল, আর আমারটা ১৯ এপ্রিল। তাকে বললাম আমাদের দুজনের জন্মদিন কাছাকাছি। তাহলে জন্মদিনের অনুষ্ঠানটা দুজনে একই সঙ্গে উদ্যাপন করলে কেমন হয়। তিনি রাজি হলেন। আমরা এই দুই তারিখের মাঝখানের ২০ এপ্রিল  তারিখটি জাঁকজমক অনুষ্ঠান করে জন্মদিনের উত্সবের প্রস্তুতি নিলাম। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু দিনটা কাছাকাছি আসতেই জানতে পারলাম ওটা অ্যাডলফ হিটলারের জন্মদিনও বটে! হিটলারের জন্মদিনে আমরা ঘটা করে উত্সব করব এটা মেনে নিতে পারিনি। তাই সেবার আমরা দুজনেই জন্মদিন পালন বাদ দিয়েছিলাম।

তবে এবারের জন্মদিনে রানিকে যদি শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাতে চান তবে দূর থেকে সেটা করতে হবে। অন্যান্যবারের মতো হাতে চুম্বনের সুযোগ আর কেউ পাবেন না, সেটা করোনা পরিস্থিতির কারণেই। ব্রিটেনে লকডাউন শুরু হওয়ার পর থেকেই সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলছেন প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লসও। তিনি কারো সম্ভাষণের জবাব দিতে ‘নমস্কার’ পদ্ধতি বেছে নিয়েছেন। কেউ শুভেচ্ছা জানালে হিন্দুদের মতো করে দুই হাত জোড় করে নমস্কারের মাধ্যমে তার জবাব দিচ্ছেন।

উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম ২১ এপ্রিল ১৯২৬ হলেও তিনি দুটি জন্মদিন উদ্?যাপন করেন। আসল জন্মদিন বাদেও প্রতি বছর জুন মাসের দ্বিতীয় শনিবার তার অফিসিয়াল জন্মদিন পালন করে ব্রিটেন। এ উপলক্ষ্যে রাজকীয় পার্টির আয়োজন করা হয়। আর প্রকৃত জন্মদিন ২১ এপ্রিল বাকিংহাম প্যালেসের বাইরে তাকে একনজর দেখার জন্য লাখো মানুষ হুমড়ি খেয়ে পড়ে।

.

এ সম্পর্কিত আরও পড়ুন