গুজব নিয়ে যা বললেন শামীম ওসমান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:২৩

‘নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমানের বাড়ি ঘেরাও করে রেখেছে সেনাবাহিনী। ওবায়দুল কাদেরের ভাইসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী হানাদার বাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে।’ 

ফেসবুকে প্রচারিত হওয়া এ গুজবের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই আসনের এমপি শামীম ওসমান। শনিবার সন্ধ্যায় নিজ বাসভবন ফতুল্লার জামতলা এমপি ভবনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ইউরোপ এশিয়া মধ্যপ্রাচ্যসহ সরকারের বিভিন্ন সর্বোচ্চ দফতর থেকে সকালে থেকে আমার কাছে ফোন আসছিল যে, শামীম ওসমানকে সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেসহ নানা গুজব। এখন তো আর পার্লামেন্ট নেই। তাই আপনাদের ডেকেছি। তাও আমার বাসায় ডেকেছি। যাতে মানুষ এ গুজব থেকে নিস্তার পেতে পারে। আমি ফেসবুক চালাই না। কারণ আমি তেমন একটা আইটি এক্সপার্ট না।

আরো পড়ুন: বিজেপি সেক্রেটারির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলাম, পারিনি: মির্জা ফখরুল

তিনি আরো বলেন, গুজবে ফুটেজ দেওয়া হয়েছে যে, চারদিক থেকে গাড়ি নিয়ে এগুচ্ছে। সেখানে কেবল শামীম ওসমানই না আমাদের দলের অনেক সিনিয়র নেতাকর্মীদের নাম নিয়ে বলা হচ্ছে এখানে সেখানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের একটি ভিডিও বানানো হয়েছে। যাতে ভোটাররা বিভ্রান্তিতে পড়ে। সারা দেশের মত নারায়ণগঞ্জেও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

শামীম ওসমান বলেন, আমি দলের নির্দেশনা পেয়েই এই সংবাদ সম্মেলন করছি। তিনি গণমাধ্যম কর্মীদের সাহায্য কামনা করে বলেন, যারা এই ভুয়া ভিডিও ছড়াচ্ছে তাদের ধিক্কার জানাই। এই ভিডিও ফুটেজ ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।  

ইত্তেফাক/জেডএইচ