সিদ্ধিরগঞ্জে মেয়ের জামাইয়ের মারধরে গুরুতর আহত হয়ে ইসমাইল ব্যাপারী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়ার আব্দুল কাদেরের বাড়িতে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিহত ইসমাইল ব্যাপারীর মেয়ের জামাই মোহসীনকে (৩০) গ্রেফতার করেছে। পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাতার মারধরে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। গতকাল শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকার আব্দুল কাদেরের ভাড়া বাসা থেকে ইসমাইল বেপারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল ব্যাপারী মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার মৃত আরাফাত আলীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জে বাবুর্চির কাজ করতেন।
নিহতের মেয়ে ফাল্গুনী আক্তারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাতা মোহসীন শশুর ইসমাইল ব্যাপারীকে বেধড়ক মারধর করে। মারধরের কিছুক্ষণ পর ইসমাইল ব্যাপারী বাসার মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার ইসমাইল ব্যাপারীকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ গ্রামেগঞ্জে নির্বাচনী উৎসব শুরু হয়েছে: নাসিম
সিদ্ধিরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম আরও বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে মেয়ের জামাতার মারধরের কারণে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ইসমাইল ব্যাপারী মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান। এ ঘটনায় নিহতের জামাতাকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
