তিনমাস পর ঘরে ফিরলো উহান জল

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৫:৩৭

অবশেষে ঘরে  ফিরলো উহান ফুটবল দলের খেলোয়াড়রা। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ তিন মাস পর ঘরে ফিরেছে চাইনিজ সুপার লিগের ক্লাব উহান জল। 

গত জানুয়ারিতে যখন চীনের উহানে প্রথমবারের মতো করোনার থাবা শুরু হয় সেই সময় বিদেশে অবস্থান করছিলো ক্লাবটির খেলোয়াড়রা। স্পেনে শীতকালীন ট্রেনিং ক্যাম্পে ছিল উহান জল। সুপার লিগের নতুন মৌসুম শুরুর প্রস্তুতির জন্য তারা উহান ছেড়েছিল। 

পরে নিজ মাতৃভুমি উহানে করোনা ভাইরাসের প্রাদুর্ভ শুরু হলে দীর্ঘ দিন জার্মানিতে ট্রানজিটের পরে দলটি। ১৬ মার্চ চীনের দক্ষিণ-পূর্বের শহর শেনঝেনে পৌঁছায়। এরপর দলের প্রত্যেক সদস্য তিন সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ট্রেনে যখন ক্লাবটির খেলোয়াড়রা উহানে পৌঁছায় তখন সমর্থকরা তাদের অভিনন্দন জানাতে ছুটে আসে। 

খেলোয়াড়দের স্বাগত জানাতে প্রিয় ক্লাব উহান জলের কমলা রঙের জার্সি পরে এসেছিল সমর্থকরা। পাশাপাশি গান গেয়ে তারা ফুল ছিঁটায় দীর্ঘ ১০৪ দিন পর ঘরে ফেরা তারকাদের। 

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্লাবটি জানায়, ‘তিন মাসেরও বেশি সময় বিচরণ শেষে ঘরকুনো উহান জল দলের খেলোয়াড়রা অবশেষে নিজ শহরে পা রেখেছে।’

ইত্তেফাক/এসআই