কুমিল্লায় সেনাবাহিনীর খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২০:৫৩

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুমিল্লা জেলায় লকডাউন নিশ্চিতের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকার দিনমজুর, কর্মহীন অসহায় ও অভাবী মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও ইফতার সামগ্রীসহ ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার টিম। 

মঙ্গলবার কুমিল্লা নগরীর ছোটরা, চকবাজার, কাশারীপট্টি, পুরাতন মৌলভীপাড়া, কাঁটাবিল, হযরতপাড়া, বালুতোপা, বজ্রপুরসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টিম এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন।  

কুমিল্লা সেনানিবাসের ৩১-বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহাবুব আলম জানান, প্রতিজনকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ ও ২টি সাবান দেওয়া হয়েছে। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় তালিকা করে গৃহপরিচারিকা, দিনমজুর, প্রতিবন্ধি, শ্রমিক, রাজমিস্ত্রী, রিকশাচালক, অসুস্থ প্রবীণ ও বেকার লোকসহ কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আরো পড়ুন : বরিশালের ১০ উপজেলায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ

একজন গৃহপরিচারিকা জানান, করোনা ভাইরাসের কারণে কাজকর্ম নাই। আমি যেই কয়টি বাসায় কাজ করতাম সেইসব বাসা-বাড়ির মালিকরা এখন কাজে যেতে নিষেধ করেছে। তাই দুই বেলা খাবার জোগাড় করতে পারছি না, ছেলেমেয়ে নিয়ে কষ্ট পাই। সেনাবাহিনী খাদ্য দিয়েছে, আগামী ৯-১০ দিন খাইতে পারব। 

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফ আলী, কুমিল্লা সেনানিবাসের ক্যাপ্টেন সাইফ প্রমুখ।


ইত্তেফাক/ইউবি