সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি। করোনা ভাইরাসের এই সময়টায় অনেকের মতো ঘরবন্দি সময় কাটছে তার। বৈশ্বিক এই সমস্যায় নিজের ভাবনাগুলো প্রকাশ করেছেন তার একটি কবিতায়। যা থেকে তৈরি হয় গান এবং করা হয় আবৃত্তি। তার এই লেখাটি আরেকজন ‘চুরি’ করেছেন বলেও জানা যায়। সার্বিক এই প্রসঙ্গ নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু।
সবারই এখন মোটামুটি ঘরবন্দি সময় যাচ্ছে। আপনার প্রসঙ্গে জানতে চাই—
আমারও ঘরেই সময় যাচ্ছে। পরিবারের সঙ্গে আছি। ফোনে সবার খোঁজ রাখছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা এই সময়টা থেকে আমাদের ভালোভাবে মুক্তি দিক।
আপনার একটি কবিতা সম্প্রতি আলোচনা এসেছে। সেটি নিয়ে জানতে চাই—
‘এবার যদি বেঁচে যাই’ শিরোনামে একটি কবিতা ফেসবুকে পোস্ট করেছি। সেখান থেকেই সবাই জানেন। এই সময় নিয়ে আমার ভাবনাগুলো লেখায় প্রকাশ করেছি। সেটি নিয়ে তানভীর তারেক সুর দিয়ে একটি গান তৈরি করেছেন। এছাড়া বিপ্লব সাহা আবৃত্তি করেছেন।
এই কবিতাটি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে জানতে চাই—
সম্প্রতি আমাদের কয়েকজন প্রবাসী অভিনয়শিল্পী একটি কবিতা আবৃত্তি করে ভিডিও প্রকাশ করেন। সেখানকার কবিতাটি মূলত আমার লেখার শব্দ ও ঢঙের সঙ্গে মিলে যায়। এটি নিয়েই মূলত সমালোচনা। সহস্র সুমন নামের একজন দাবি করছেন এই কবিতাটি তার। আমার কবিতাটি প্রকাশ হয় ৮ এপ্রিল ও তার কবিতাটি ১০ এপ্রিল। শিল্প আসলে ভালোবাসার। এটি নিয়ে বিতর্ক বা সমালোচনা শব্দগুলো দ্বারা অশ্রদ্ধা করতে চাই না।
