মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা থেকে প্রনয় কুমার বসাক (১১) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ প্রনয় পৌরসভার ঘোনাপাড়া গ্রামের ৮নং ওয়ার্ডের প্রদীপ কুমার বসাকের ছেলে এবং ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গত রবিবার বিকেল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে পরদিন সোমবার সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বাবা প্রদীপ কুমার বসাক বলেন, ছেলের এক বন্ধু কিছুদিন আগে প্রাইমারি স্কুল থেকে একটি খরগোশ পেয়ে তাকে দিয়েছিল। ওই দিন বিকেলের দিকে খরগোশটি হারিয়ে যায়। পরে ছেলে খরগোশের খোঁজে বের হয়। কিন্তু এরপর সে আর বাড়ি ফেরেনি। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। প্রনয়ের গায়ের রং শ্যামলা ধরনের। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গোল গলা ডোড়া চেক কাটা রঙিন গেঞ্জি ও জিন্সের প্যান্ট। উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি। বাড়ির নাম ঠিকানা সে বলতে পারে। তার খোঁজ পাওয়া গেলে নিকটস্থ থানা অথবা সিংগাইর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সব থানাতেই বেতার বার্তা পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসি
