ভোলায় ২৫ মণ জাটকা আটক

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৯:১৭

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু মাছ ঘাট এলাকা থেকে ২৫ মণে জাটকা আটক করা হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে হাসান নগর ইউনিয়নের ওই ঘাট থেকে জাটকা ইলিশগুলো আটক করা হয়। পরে তা স্থানীয় দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ.এম নাজমুল সালেহীন জানান, জাটকা নিধন অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে ওই ইউনিয়নের মির্জাকালু ঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ওই ঘাট থেকে শিকার করা জাটকা গুলো আটক করা হয়। জাটকাগুলোর পরিমাণ আনুমানিক ২৫ মণ। 

মির্জাকালু পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফোরকান জানান, তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা দৌড়ে পালিয়ে যাওয়া কাউকে আটক করা যায়নি। 

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী ঘটনার বলেন,আটককৃত মাছগুলো সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানীয় দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 

ইত্তেফাক/এসি